পুবের কলম ওয়েবডেস্ক: প্রয়াত হলেন পদ্মবিভূষণে সম্মানিত বর্ষীয়ান শিল্পপতি পৃথ্বী রাজ সিং ওবেরয়। তিনি ছিলেন ভারতে হোটেল ব্যবসার দিশারী এবং ওবেরয় গোষ্ঠীর চেয়ারম্যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বর্ষীয়ান শিল্পপতির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ওবেরয় গ্রুপের চেয়ারম্যান, ভারতে আতিথেয়তা শিল্পের দিশারী পদ্মবিভূষণ পিআরএস ওবেরয়ের মৃত্যুতে শোকাহত। তিনি দার্জিলিংয়ে পড়াশোনা করেন। তাঁর কৃতিত্বের অংশিদার পশ্চিমবঙ্গ।
তাঁর প্রয়াণে আমরা অপূরণীয় ক্ষতি অনুভব করব।" পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্ষীয়ান শিল্পপতির মৃত্যু ওবেরয় গ্রুপ, ভারত এবং সমগ্র বিশ্বের হোটেল শিল্পের জন্য বড় ক্ষতি বলেই মনে করছে শিল্পমহল।