পুবের কলম, ওয়েবডেস্ক: বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। বাংলায় ক্ষমতা দখল নিয়ে বড় দাবি করলেন বিজেপির নতুন কার্যকরী সভাপতি নীতিন নবীন। এদিন এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘আমরা জিতব। সকলে একসঙ্গে বসে সংগঠনকে একেবারে নিচু স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত এতটাই শক্তিশালী করা হবে যে বাংলাতে আমাদের কেউ হারাতে পারবে না।

সোমবার পদ্ম শিবিরের জাতীয় সভাপতি পদের দায়িত্ব নিয়েছেন বিহারের মন্ত্রী নীতিন নবীন। রবিবার বিজেপি সংসদীয় বোর্ড পদ্ম নেতা নীতিন নবীনকে দলের কার্যকরী জাতীয় সভাপতি হিসাবে নিয়োগ করেছে। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এক বিবৃতিতে জানিয়েছেন, দলের সংসদীয় বোর্ড এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। দায়িত্বভার নিয়ে নবীন বলেন, ‘আমি বিশ্বাস করি যে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থার কারণেই আমি আজ এখানে।

প্রসঙ্গত, বর্তমানে বিহারে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারে মন্ত্রী নীতিন। তাঁকে রাজ্য স্তরে দলের অন্যতম তীক্ষ্ণ কৌশলবিদ হিসাবে বিবেচনা করা হয়। প্রবীণ বিজেপি নেতা নবীন কিশোর সিনহার ছেলে নীতিন নবীন পাটনার বাঁকিপুর নগর বিধানসভা আসন থেকে চারবারের বিধায়ক। তিনি বিহারের বিজেপি যুব মোর্চার (বিজেওয়াইএম) রাজ্য সভাপতির দায়িত্বও পালন করেছেন।