পুবের কলম প্রতিবেদক: ব্যক্তিগত সফরে কলকাতায় রয়েছেন আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তাঁর ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তেজস্বীর শালার ছেলের বিয়ে উপলক্ষ্যেই তাঁদের কলকাতায় আগমন বলে জানা গিয়েছে। ১৮ নভেম্বর পর্যন্ত কলকাতায় থাকতে পারেন তাঁরা। তবে এই সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কোন সাক্ষাৎ করবেন কিনা সে বিষয়ে তেজস্বী বা লালু এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। যদিও সূত্রে জানা গিয়েছে,শুক্রবার লালু ও তেজস্বীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠক হলেও হতে পারে।
সেই বৈঠক নবান্নে হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা শুক্রবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকও ডেকেছেন মুখ্যমন্ত্রী। তার মাঝেই হতে পারে লালু- তেজস্বীর সঙ্গে মমতার বৈঠক।আরও পড়ুন:
লালুর রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি বিহারের ক্ষমতায় থাকা সরকারের জোট শরিক হওয়ার পাশাপাশি দেশে তৈরি হওয়া বিজেপি বিরোধী মহাজোট ইন্ডিয়া’রও শরিক দল। তৃণমূল কংগ্রেসও এই জোটে যোগ দিয়েছে।
পুজোর আগে এই জোটের শেষ বৈঠক হয়েছিল মুম্বইয়ে। তারপর আর এই জোটের কোনও বৈঠক হয়নি। মমতা চেয়েছিলেন, ২৪’র নির্বাচনের কথা মাথায় রেখে কংগ্রেস দ্রুত আসন রফার আলোচনা সেরে ফেলুক। যদিও সেই পথে পা বাড়ায়নি কংগ্রেস। মনে করা হচ্ছে যদি লালু-তেজস্বীর সঙ্গে মমতার বৈঠক হয় তাহলে সেখানে জোট ইস্তেহার তৈরির বিষয়ে আলোচনা হতে পারে ।