পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের কোটদ্বারের এক জিম মালিকের সাহসিকতা এখন দেশজুড়ে চর্চার বিষয়। জনৈক ৭০ বছর বয়সী মুসলিম দোকানদারকে উত্তেজিত ভিড়ের হাত থেকে রক্ষা করে খবরের শিরোনামে এসেছেন দীপক কুমার। তাঁর এই বীরত্বকে কুর্নিশ জানিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, "দীপক আমাদের তেরঙ্গা এবং সংবিধানকে রক্ষা করেছেন; এর চেয়ে বড় দেশপ্রেম আর কিছু হতে পারে না।"
আরও পড়ুন:
আরও পড়ুন:
পেশায় জিম ট্রেইনার দীপক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, "আমরা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি আদর্শে বিশ্বাস করি। হনুমানজি আমাদের জিমের প্রতিটি সদস্যের কাছে এক আদর্শ, কারণ তিনি কঠোর পরিশ্রমের প্রেরণা দেন।" তবে এই সাহসিকতার চড়া মাশুল দিতে হয়েছে দীপককে।
সাম্প্রদায়িক উত্তেজনার জেরে তাঁর জিমের সদস্য সংখ্যা ১৫০ থেকে কমে মাত্র ১৫-তে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় এই যুবক।আরও পড়ুন:
সম্প্রতি দীপক কুমারের সাথে দেখা করেন রাহুল গান্ধী। সেই সাক্ষাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ শেয়ার করে রাহুল লেখেন, "কোটি কোটি মানুষের হৃদয়ে সদিচ্ছা ও ভালোবাসা রয়েছে, কিন্তু সেই সাথে রয়েছে ভয়ও। দীপক তাঁর সাহসিকতা দিয়ে সেই ভয় জয়ের পথ দেখিয়েছেন। যারা ঘৃণা ছড়িয়ে সমাজকে ভয় দেখাতে চায়, তারা আসলে কাপুরুষ।" রাহুল গান্ধী দীপকের পরিবারের সাথেও কথা বলেন এবং আশ্বস্ত করেন, সঠিক কাজ করার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই।