পুবের কলম, ওয়েবডেস্ক: ২০০২ সালের চাঞ্চল্যকর সাংবাদিক রাম চন্দর ছত্রপতি হত্যা মামলায় ডেরা সাচা সওদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে বেকসুর খালাস করল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। শনিবার প্রধান বিচারপতি শীল নাগুর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
২০০২ সালের অক্টোবর মাসে হরিয়ানার সিরসায় নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়েছিলেন সাংবাদিক রাম চন্দর ছত্রপতি। তিনি 'পুরা সাচ' নামক একটি স্থানীয় পত্রিকা চালাতেন। অভিযোগ ছিল, ডেরা সদর দপ্তরে মহিলা অনুগামীদের ওপর চলা যৌন শোষণের কথা ফাঁস করে একটি বেনামি চিঠি প্রকাশ করার জেরেই তাঁকে টার্গেট করা হয়েছিল। ঘটনার কয়েক সপ্তাহ পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:
খালাস পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না ডেরা প্রধান। দুই মহিলা অনুগামীকে ধর্ষণের দায়ে ২০১৭ সালে হওয়া ২০ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করতে বর্তমানে তিনি রোহতকের সুনারিয়া জেলে রয়েছেন। এদিকে, আদালতের এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন নিহত সাংবাদিকের ছেলে অংশুল ছত্রপতি। তিনি এই রায়কে পরিবারের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বর্ণনা করেছেন। অংশুল জানিয়েছেন, "আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাব এবং আশা করছি সিবিআই-ও একই পদক্ষেপ নেবে।"