পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় কনভয়ে হামলার ঘটনায় এবার আইনি রক্ষাকবচ পেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ করা যাবে না। একইসঙ্গে সেদিনের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী (CAPF) এবং রাজ্য পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত।

গত ১০ জানুয়ারি পুরুলিয়ায় দলীয় কর্মসূচি শেষ করে ফেরার পথে চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয় আক্রান্ত হয় বলে অভিযোগ। রাস্তার ধারে বিজেপি কর্মী-সমর্থকরা দাঁড়িয়ে থাকাকালীন উল্টোদিকে তৃণমূলের পতাকা হাতে একদল জমায়েত করেছিল।
অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দ্রুত নিরাপত্তা বলয় তৈরি করেন। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলনেতা। তিনি সরাসরি চন্দ্রকোনা পুলিশের বিট হাউসে গিয়ে আইসির ঘরে মেঝেতে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। প্রায় ছয় ঘণ্টা পর থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে তিনি সেখান থেকে বিদায় নেন।
হামলার ঘটনার পরদিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই পাল্টা থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশের পক্ষ থেকে তাঁকে হেনস্থা বা গ্রেফতার করা হতে পারে— এই আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। বুধবার আদালতে তাঁর আইনজীবী সওয়াল করেন যে, তাঁর মক্কেলকে রাজনৈতিক উদ্দেশ্যে অযথা হেনস্থা করার পরিকল্পনা করা হচ্ছে। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত শুভেন্দুকে অন্তর্বর্তী নিরাপত্তা প্রদান করে। প্রসঙ্গত, এর আগে ২০২২ সালেও বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দুকে একইরকম রক্ষাকবচ দিয়েছিলেন, যা গত বছরের অক্টোবরে বিচারপতি জয় সেনগুপ্ত প্রত্যাহার করে নেন। নতুন করে পাওয়া এই আইনি রক্ষাকবচ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।