পুবের কলম, কলকাতা: ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের বেলডাঙার এক পরিযায়ী শ্রমিকের খুনের ঘটনায় সরব হল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নক্কারজনক ঘটনার প্রেক্ষিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে সরাসরি কথা বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই হত্যাকাণ্ডে জড়িত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।
তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনালাপে হেমন্ত সোরেন পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, ঝাড়খণ্ড পুলিশ ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীদের চিহ্নিত করে কোনো বিলম্ব ছাড়াই দ্রুত গ্রেফতার করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
বাংলাদেশি সন্দেহে ঝাড়খণ্ডে এক বাঙালি শ্রমিকের মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা মুর্শিদাবাদের বেলডাঙায়। মৃতের পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, আলাউদ্দিন শেখ (৩৬) নামে ওই শ্রমিককে খুন করা হয়েছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার বেলডাঙায় রেললাইন ও ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। এর জেরে ব্যাহত হয় রেল চলাচল, জাতীয় সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। এলাকায় রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়।
আলাউদ্দিন শেখ বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দা। প্রায় পাঁচ বছর আগে কাজের সন্ধানে ঝাড়খণ্ডে গিয়ে ফেরিওয়ালার কাজ করতেন তিনি। পরিবারের দাবি, বাংলাদেশি সন্দেহে বিভিন্ন জায়গায় তাঁকে হেনস্তা করা হচ্ছিল। মৃত্যুর আগেও এই আতঙ্কের কথা পরিবারকে জানিয়েছিলেন আলাউদ্দিন। শুক্রবার সকালে ঝাড়খণ্ডে তাঁর ঘর থেকে গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার হয়। তবে পরিবারের অভিযোগ, দেহের অবস্থান দেখে এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। ঘটনার খবর ছড়াতেই বেলডাঙায় বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ ও র্যাফ বাহিনী।



































