পুবের কলম ওয়েব ডেস্কঃ বঙ্গের দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের আগে প্রচারের গতি তুঙ্গে। এই আবহেই রবিবার তৃণমূলের সমর্থনে রাজ্যে আসছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে তিনি জনসভা করবেন বলে জানা গিয়েছে। আশপাশের কেন্দ্রের তৃণমূল প্রার্থীরাও ওই সভায় উপস্থিত থাকতে পারেন।

তৃণমূল সূত্রে খবর, রবিবার বিকেল পাঁচটা নাগাদ তিলজলা রোড সংলগ্ন গুরু রবিদাস পার্কের পেছনে জনসভা করার কথা কেজরিওয়ালের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগেই জানা গিয়েছিল, প্রচারের শেষ পর্যায়ে রাজ্যে আসবেন তিনি, এবং ২৬ ও ২৭ এপ্রিল একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

এদিকে শনিবার থেকেই তৃণমূলের সমর্থনে প্রচারে নামছেন অন্যান্য বিরোধী শিবিরের নেতারাও।

রাষ্ট্রীয় জনতা দলের কার্যকরী সভাপতি তেজস্বী যাদব দুপুর তিনটে নাগাদ বরাহনগরের আলমবাজার মোড়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন। এরপর উত্তর কলকাতার জোড়াসাঁকোয় বিকেল চারটে নাগাদ সভা করার কথা রয়েছে তাঁর। সন্ধ্যার দিকে রাসবিহারী এলাকাতেও প্রচারে অংশ নেবেন তিনি। তেজস্বী যাদবের পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও এদিন রাজ্যে এসে তৃণমূলের পক্ষে প্রচার করবেন। চন্দনগরের ভদ্রেশ্বরে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর সভা রয়েছে। এরপর শ্রীরামপুরের ওয়েলিংটন ময়দানে তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে আর একটি জনসভা করবেন তিনি।