পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি। বুধবার সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে, রাজ্যে জমা পড়া মোট ৬০ লক্ষ আপত্তির মধ্যে প্রায় ৪৭ লক্ষেরই নিষ্পত্তি করা হয়েছে গত ৩১ মার্চ পর্যন্ত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো চিঠির ভিত্তিতে শীর্ষ আদালত এই তথ্য প্রকাশ করেছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এই মামলার শুনানি চলছে।
রাজ্যের এই দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি মন্তব্য করেন, "পরিসংখ্যান এবং বর্তমান তথ্যে আমরা অত্যন্ত খুশি এবং আশাবাদী।" হাইকোর্টের প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন, আগামী ৭ এপ্রিলের মধ্যেই বাকি সমস্ত অভিযোগের শুনানি ও সিদ্ধান্ত নেওয়ার কাজ সম্পন্ন হবে।