পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলায় চলা এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল সুপ্রিম কোর্টে। বিবেচনাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যেই প্রায় ৪৭ লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে সর্বোচ্চ আদালতকে জানালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের বেঞ্চ।
বুধবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময় কলকাতা হাই কোর্টের তরফে একটি চিঠি আদালতে পেশ করা হয়। সেই চিঠির উল্লেখ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, হাই কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, বিবেচনাধীন সমস্ত নামের নিষ্পত্তি আগামী ৭ এপ্রিলের মধ্যে সম্পন্ন করা হবে।
আরও পড়ুন:
এর আগের শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবী প্রশ্ন তুলেছিলেন, ভোটের আগে এত বিপুল সংখ্যক নামের যাচাই ও নিষ্পত্তি করা আদৌ সম্ভব কি না। কারণ, প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। ফলে ভোটার তালিকার এই বিপুল সংখ্যক বিবেচনাধীন নাম নিয়ে রাজনৈতিক মহলেও সংশয় তৈরি হয়েছিল। এদিন শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, প্রতিদিন প্রায় দু’লক্ষ করে নামের যাচাই ও নিষ্পত্তির কাজ চলছে। সেই অনুযায়ী নিয়মিত তালিকাও প্রকাশ করা হচ্ছে।
আরও পড়ুন:
এই প্রেক্ষিতে হাই কোর্টের প্রধান বিচারপতির চিঠির প্রসঙ্গ তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ইতিমধ্যেই প্রায় ৪৭ লক্ষ নামের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। হাই কোর্টের প্রধান বিচারপতির তরফে দেওয়া অগ্রগতির রিপোর্টে আদালত সন্তুষ্ট বলেও জানান তিনি। একই সঙ্গে জানানো হয়, আগামী ৭ এপ্রিলের মধ্যেই বাকি সমস্ত নামের নিষ্পত্তি হয়ে যাবে, এমনটাই হাই কোর্টের বেঞ্চ সর্বোচ্চ আদালতকে আশ্বস্ত করেছে।
আরও পড়ুন:
এছাড়া এসআইআর সংক্রান্ত মামলায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানানো হয় শুনানিতে। সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, আগামী কাল বৃহস্পতিবার থেকে ট্রাইবুন্যালের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ কার্যক্রমও বুধবার থেকেই শুরু হওয়ার কথা।