পুবের কলম প্রতিবেদক: শনিবার রাজভবনে শপথ নিলেন ধূপগুড়ির নবনির্বাচিত তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথবাক্য পাঠ করান। তৃণমূল বিধায়কের শপথের সঙ্গে সঙ্গে এক বিরল ঘটনার সাক্ষী রইল রাজ্য। এই প্রথমবার রাজভবনে কোনও বিধায়ক শপথ নিলেন। সাধারণত রাজভবনে মন্ত্রীদের শপথবাক্য পাঠ করানো হয়। বিধায়কের শপথ হয় বিধানসভায়। সেখানে ধূপগুড়ির নবনির্বাচিত তৃণমূল বিধায়কের রাজভবনে শপথের ঘটনা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
শপথ ঘিরে বিধানসভার সঙ্গে রাজভবনের যে সংঘাত চলেছে, তার ফলশ্রুতিতেই শনিবারের শপথ অনুষ্ঠানে ছিলেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই জানিয়ে দেওয়া হয়েছিল, স্পিকার এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজভবনে যাবেন না। শনিবার তাঁরা কেউ ছিলেন না। কেবল বিধানসভায় শাসকদলের উপমুখ্যসচেতক তাপস রায় শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখ্য, জুলাই মাসে ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু হয়। ৫ সেপ্টেম্বর সেই আসনে উপনির্বাচন ছিল। ৮ সেপ্টেম্বর ভোটগণনার পর বিজেপি তাপসী রায়কে প্রায় ৪ হাজার ৪০০ ভোটে পরাজিত করে জয়ী হন তৃণমূলের নির্মলচন্দ্র রায়। লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে এই আসনে তৃণমূলের এই জয়কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।