পুবের কলম, ওয়েবডেস্ক: আলু, পেঁয়াজ ও টমেটোর মতো পণ্যের দাম ইচ্ছে মত নেওয়ার ক্ষেত্রে লাগাম টানতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক 'মার্কেট ইন্টারভেনশন স্কিম'-এর মাধ্যমে পরীক্ষামূলক ভাবে 'লজিস্টিক' সমস্যা দূর করতে পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। এই প্রকল্পটির নাম হবে 'অপারেশন গ্রিন'।
আরও পড়ুন:
খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক কৃষকদের আলু, পেঁয়াজ এবং টমেটো পরিবহণের ক্ষেত্রে আগে থেকে ৫০ শতাংশ ভর্তুকি প্রদান করবে।
পণ্য মজুত রাখার সমস্যা দূর করতে মেগা ফুডপার্ক স্কিম চালু করাও ভাবছে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক। এই বিষয়গুলি বাস্তবায়িত করতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কৃষি মন্ত্রকের অধীনে একটি কমিটি গঠন করেছে। এই কমিটিকে একটি বাস্তবসম্মত পরিকল্পনার ছক কষার নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটির একটি বৈঠক ইতিমধ্যেই হয়েছে বলেও জানা গিয়েছে। কমিটির সুপারিশ সামনে এলে সেই মতো পরবর্তী পদক্ষেপ করা হতে পারে বলে জানা যাচ্ছে।আরও পড়ুন:
উল্লেখ্য, আলু, পেঁয়াজ এবং টমেটোর মতো পচনশীল পণ্য প্রতিটি রান্নাঘরেই থাকে। তবে এই পণ্যগুলির ক্ষেত্রে সরকার কোনও ন্যূনতম দাম নির্ধারণ করে না। তাই কোনও বছর বেশি ফলন হলে পাইকারি বাজারে এর দাম কমে যায়। আবার জোগান কম থাকলে দাম বেড়ে যায়। দাম ওঠা নামার বিষয়ে এবার লাগাম টানতে প্রস্তুতি শুরু করেছে মন্ত্রক বলেই মনে করা হচ্ছে।