পুবের কলম প্রতিবেদক: রবিবার, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের টেট। পরীক্ষার আগে বহু আবেদনকারী অ্যাডমিট না পেয়ে নাজেহাল অবস্থা। বৃহস্পতিবার বিকাশভবনে মাদ্রাসা সার্ভিস কমিশনের দফতরে দফায় দফায় আবেদনকারীদের আসতে দেখা গেল। কেউ মেটিয়াব্রুজ, কেউ গার্ডেনরিচ এলাকা থেকে এসেছেন। কেউ আবার বিভিন্ন জেলার পরীক্ষার্থী। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, বার বার ঘুরে যাচ্ছি, অ্যাডমিট পাচ্ছি না। অ্যাডমিট দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু কোনওভাবে আমাদের সুরাহা মিলছে না। কী করি, কমিশনের এসেও কেউ কথা বলছেন না। তবে একটি নম্বর দেওয়া রয়েছে। সেই নম্বরে ফোন করতে বলেন সিকিউরিটির ওই কর্মী। ফোন করলে বার বার ‘এনগেজ’ আসছে। অ্যাডমিট না মিললে, কীভাবে পরীক্ষা দেবো।
পরীক্ষার্থীদের আরও অভিযোগ, কী কারণে পরীক্ষার্থীরা অ্যাডমিট পায়নি, সেই তথ্য দেওয়ার জন্য কেউ নেই। দেখা গেল,একাই পরীক্ষার্থীদের তথ্য দিচ্ছেন এক সিকিউরিটি কর্মী। তবে কমিশনের দফতরে ঢোকার দরজার সামনে দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। কমিশন জানাচ্ছে, এই নম্বরে ফোন করলেই সমাধান মিলবে।
কিন্তু প্রার্থীদের অভিযোগ, ফোন সবসময় ‘এনগেজ’। ধরলেও ফোন কেটে দেওয়া হচ্ছে। কমিশনের দেওয়া মোবাইল নম্বর দুটি হচ্ছে— ৯৮৭৪৩৫৫১১৪/৯৮৭৪৩৫৫১১২































