পুবের কলম ওয়েব ডেস্ক: পবিত্র হজ পালন করা প্রত্যেক মুসলিমের মনের ইচ্ছা। এবার সেই ইচ্ছা পূরণ করতে সাইকেলে করে মক্কা যাচ্ছেন মালয়েশিয়ার ৪ মুসলিম। ২০২৪ সালের পবিত্র হজ পালন করার ইচ্ছা তাঁদের। স্থলপথে মক্কায় যেতে তাদের সময় লাগবে প্রায় ৭ মাস। আগামী বছরের মে মাসে প্রায় ১২ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে তারা সউদি আরবের মক্কায় পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
এ সময় তারা মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, ইরান ও আমিরশাহীসহ ছয় দেশ পাড়ি দেবেন।আরও পড়ুন:
হজযাত্রীদের দলে রয়েছেন মালয়েশিয়ার এক সংবাদ সংস্থার প্রাক্তন সাংবাদিক চে সাদ নরদিন (৭৩)। অন্যরা হলেন, আহমেদ মুহম্মদ ইসা (৩৫), নোরাদিলাহ মুহম্মদ সাপি (৩৬) ও বন গবেষণা কর্মী আবদুল হালিম তালহা (৫৬)। তারা তাঁদের সাইক্লিং মিশনের তথ্য ফেসবুক পেজে আপলোড করছেন।
আরও পড়ুন:
সাদ নরদিন বলেন, ‘২০১৯ সাল থেকে সাইকেলে করে আমাদের পবিত্র হজ পালন করার পরিকল্পনা ছিল।
তবে পরবর্তীতে কোভিডের কারণে কয়েকবার এ পরিকল্পনা পিছিয়ে যায়।’ তিনি বলেন, ‘সাইকেল ভ্রমণের মাধ্যমে তরুণ প্রজন্মসহ সবাইকে আমি একটি বার্তা দিতে চাই। তা হল, একজন মালয়েশীয় হিসেবে আমি আমার এ বয়সেও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে ভ্রমণ করার মতো স্বাস্থ্য দিয়েছেন। মক্কা যাওয়ার পুরো ভ্রমণ আমি উপভোগ করতে চাই।’ তিনি আরও জানান, গত আগস্ট থেকেই বন্ধুরা মিলে তারা দীর্ঘ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য তারা বীমা ও ভিসা নেওয়ার পাশাপাশি সাইকেল চালানোর অনুশীলন ও দৈহিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। সাইকেলে করে তাঁরা প্রাথমিক চিকিৎসার কিট, ক্যাম্পিং সরঞ্জাম, সোয়েটার, ক্যামেরা ও সাইকেলের খুচরা যন্ত্রাংশসহ আনুমানিক ৬০ কেজি সামগ্রী বহন করবেন। হজযাত্রীদের দলে একমাত্র নারী সদস্য নোরাদিলা জানান, ২০১৬ সালে তার স্বামীর সঙ্গে তিনি সাইকেল চালিয়ে উমরাহ করতে মক্কায় গিয়েছিলেন। তবে আগের তুলনায় এবারের সাইকেল যাত্রা পুরোপুরি ভিন্ন। তাঁর কথায়, ‘এবার আমরা ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ পালন করব।’