পুবের কলম,ওয়েবডেস্ক:  পিট বুল কুকুরের হামলায় গুরুতর আহত ৮ বছরের এক শিশু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মিরাট জেলার কাঁকরখেদা থানা এলাকায় অবস্থিত বৈষ্ণোধাম কলোনিতে।  আক্রান্তের নাম ভারনিকা। আপাতত গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিশু।

জানা গেছে,  ঘটনার সময় ওই শিশু তার বোনের সঙ্গে বাড়ির বাইরে সাইকেল চালাচ্ছিল। কুকুরটা তাঁদের দেখে আচমকাই মেয়েটির সাইকেলের দিকে ছুটে আসে এবং ধাক্কা দিতে শুরু করে।  ভার সামলাতে না পেরে ওই শিশুটি সাইকেল থেকে পড়ে যায় ।  এবং তাঁকে লাগাতার কামড়াতে ও আঁচড়  দিতে থাকে পিট বুল কুকুরটি।

ঘটনার আকস্মিকতাই ভয় পেয়ে যায় ৮ বছরের শিশুর বোন। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। অচেতন অবস্থায় মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত চিকিৎসাধীন রয়েছে ওই শিশু। ঘটনায় পুলিশি হস্তক্ষেপ চেয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।  প্রসঙ্গক্রমে, সার্কেল অফিসার (সিও), অভিষেক প্যাটেল বলেছেন যে অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে, এবং প্রাথমিক আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে৷