হায়দরাবাদ: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। পাল্টা ভারতকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন একাধিক পাক নেতা-মন্ত্রী। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির লাগাতার উসকানিমূলক মন্তব্য করে চলেছেন। তাঁদের হুঁশিয়ারি যে শুধুমাত্র ফাঁকা মাঠে বুলি আওড়ানোর মতই তা বলার অপেক্ষা রাখে। এবার পড়শি দেশকে 'ব্যর্থ দেশ' বলে তোপ দাগলেন হায়দরাবাদের সাংসদ তথা মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। পাকিস্তান ইসলামের আসল অর্থ জানে না বলেও তীর দেগেছেন তিনি।

ওয়েইসি বলেন, "যারা পাকিস্তানে অর্থহীন কথা বলছে, তাদের বলতে চাই, তোমরা ইসলাম জানো না। ইসলামের শিক্ষা থেকে তোমরা বঞ্চিত।" কটাক্ষ করে মিম প্রধানের বক্তব্য, "পাকিস্তান এত গরিব যে সেখানকার মানুষ কষ্টে রয়েছেন। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সমস্যা রয়েছে। ইরানের সঙ্গে সীমান্তে ঝগড়া রয়েছে তাদের। পাকিস্তান একটি ব্যর্থ দেশ।
"

আরও পড়ুন: খড়গপুর আইআইটিতে ফের মেধাবী ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, ৪ মাসে ৩ ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

১৯৪৭ সালে ভারত থেকে যেসব মুসলিম পাকিস্তানে গিয়েছিলেন, সেদেশে তাঁরা বৈষম্যের শিকার বলে মন্তব্য করেন ওয়েইসি। একইসঙ্গে পাকিস্তানকে অতীতের কথা স্মরণ করিয়ে মিম প্রধান বলেন, “১৯৪৭ সালে দেশভাগের সময় ভারতীয় মুসলিমরা দেশ না ছাড়ার সিদ্ধান্ত নেন। আমরা মহম্মদ আলি জিন্নার আহ্বান প্রত্যাখ্যান করি। ভারত আমাদের মাতৃভূমি ছিল, রয়েছে এবং থাকবে।"

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত।

সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করা হয়েছে। পাকিস্তানও পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ করেছে ভারতের বিরুদ্ধে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। এদিন সন্ত্রাসবাদ দমনে ভারতকে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেন হায়দরাবাদের সাংসদ। তাঁর কথায়, “তাদের কড়া জবাব দেওয়ার এটাই আমাদের কাছে সময়। যাতে সন্ত্রাসবাদের বিষ শেষ হয়ে যায়।”

https://www.youtube.com/watch?v=IYCIsr1TCHI&feature=youtu.be