পারিজাত মোল্লা: বৃহস্পতিবার থেকে কলকাতা হাইকোর্টে পুনরায় চালু হয়েছে রেগুলার বেঞ্চগুলি।এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলায় দ্রুত বেঞ্চ গঠনের আর্জি রাখা হয়েছে চাকরিপ্রার্থীদের পক্ষে।রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে সুপ্রিমকোর্ট। দ্রুত নতুন বেঞ্চ গঠন করে সমস্ত মামলা ৬ মাসের মধ্যে নিস্পত্তি করার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট।
এর পাশাপাশি সিবিআই, ইডিকে ২ মাসের মধ্যে নয়া বেঞ্চের কাছে তদন্ত রিপোর্ট পেশ করার কথা বলেছে সুপ্রিম কোর্ট ।পুজোর ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই পূর্ণ সময়ের জন্য খুলেছে কলকাতা হাইকোর্ট। তারপরই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে দ্রুত বেঞ্চ গঠনের আর্জি জানান আইনজীবী অনিন্দ্য লাহিড়ী।আরও পড়ুন:
আদালত সূত্রে প্রকাশ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করা হবে বলে এদিন আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।
অনেকেই মনে করছেন, ''আগামী সপ্তাহেই নিয়োগ মামলার জন্য নতুন বেঞ্চ গঠন হতে পারে'। বৃহস্পতিবার থেকেই এ বিষয়ে তত্পরতা দেখা গিয়েছে হাইকোর্টে ।উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় বিভিন্ন মামলায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। ওই মামলাতেই গত ৯ নভেম্বর তদন্তকারী সংস্থা সিবিআই, ইডির তদন্তে ডেডলাইন বেঁধে দেয় সুপ্রিম কোর্ট । এর পাশাপাশি সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত্ পাঠিয়ে নতুন ডিভিশন বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ।আরও পড়ুন:
সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চের নির্দেশ রয়েছে , -' কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বিশেষ বেঞ্চ গঠন করতে হবে'। আগামী সপ্তাহে সম্ভবত তিন সদস্য বিশিষ্ট বৃহত্তর বেঞ্চ হতে পারে কলকাতা হাইকোর্টে।যেখানে থাকতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও।এখন সবটাই সম্ভবত। আগামী সপ্তাহেই চুড়ান্ত জানা যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।