পুবের কলম প্রতিবেদক: সংসদে স্মোক বম্ব হামলার ঘটনার পর থেকেই রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করার বার্তা দেওয়া হয়েছিল। সূত্রের খবর, এবার নিরাপত্তা ব্যবস্থা জোরালো করতে বসতে পারে বিশেষ আউটপোস্ট। সেই লক্ষ্যে, মঙ্গলবার বৈঠকে বসেছিলেন প্রশাসনিক কর্তারা। শুধুমাত্র রাজ্য বিধানসভা নয়, নবান্নের নিরাপত্তা নিয়েও এদিনের বিশেয বৈঠকে আলোচনা হয়।
আরও পড়ুন:
এদিনের বৈঠক শেষে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, “আমরা খুব সজাগ। নিরাপত্তা নিয়ে সবসময় আমরা রিভিউ করি। শুধু বিধানসভা নয়, নবান্ন, মহাকরণ, হাইকোর্ট সহ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের স্পেশাল ব্রাঞ্চ থেকে রিজার্ভ ফোর্স, লোকাল পুলিশের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে কাজ করে সারা বছর। প্রতিটা ঘটনা আমাদের নতুন কিছু শেখায়।
সংসদ হানায় কলকাতা যোগের ঘটনা আমাদের কাছে এক নতুন অভিজ্ঞতা। সেটা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।” তিনি আরও বলেন, “আমাদের শহর অত্যন্ত নিরাপদ শহর। ক্রাইম রেট কম। কলকাতার সুনাম আছে। আমরা নানা পরিকল্পনার মাধ্যমে অনভিপ্রেত ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করি।”আরও পড়ুন:
এই প্রসঙ্গে বড়দিন ও বর্ষবরণ উপলক্ষ্যে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান বিনীত গোয়েল। পাশাপাশি, সংসদ হামলায় ধৃত ললিত ঝাঁ-র কলকাতা যোগ প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, “এ ব্যাপারে আমরা নজর রাখছি। তদন্তকারীদের সঙ্গে আমরা সহযোগিতা করছি। আর যা যা প্রয়োজন, সেই বিষয়েও সহযোগিতা করা হবে।”