পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী বিরোধী অভিযান চলাকালীন পুঁতে রাখা আইইডি (IED) বিস্ফোরণে অন্তত ১১ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। সোমবার সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার কারেগুত্তা পাহাড়ের গহীন জঙ্গলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জন রাজ্য পুলিশের বিশেষ শাখা ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড’-এর সদস্য এবং একজন সিআরপিএফ-এর এলিট ইউনিট ‘কোবরা’-র কমান্ডো।

আহত কোবরা সদস্য রুদ্রেশ সিং ২১০ নম্বর ব্যাটালিয়নের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত। পুলিশ জানিয়েছে, রুদ্রেশ সিং এবং ডিআরজি-র দুই কর্মীর পায়ে গুরুতর আঘাত লেগেছে। এছাড়া তিনজনের চোখে স্প্লিন্টারের আঘাত লেগেছে। আহত সকল কর্মীকে উন্নত চিকিৎসার জন্য রায়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে উসুর থানা এলাকার অন্তর্গত তাড়পালা গ্রামে নিরাপত্তা বাহিনী তাদের ক্যাম্প স্থাপন করেছিল। কারেগুত্তা সংলগ্ন এই এলাকাটি দীর্ঘকাল ধরে শীর্ষ মাওবাদী নেতাদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত ছিল। এর আগে গত বছরের এপ্রিল-মে মাসে কারেগুত্তা পাহাড়ের ঘন জঙ্গলে টানা ২১ দিনব্যাপী এক বিশাল চিরুনি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে ৩১ জন নকশাল নিহত হয়েছিল। পুলিশ জানিয়েছিল, ওই সময় মাওবাদীদের কাছ থেকে ৩৫টি আগ্নেয়াস্ত্র, ৪৫০টি আইইডি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক, ইলেকট্রনিক সরঞ্জাম ও নকশালপন্থী সাহিত্য উদ্ধার করা হয়েছিল।