পুবের কলম, ওয়েবডেস্ক:  সুতির প্রশাসনিক সভা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুতি, ফরাক্কা ও ধুলিয়ানকে নিয়ে মুর্শিদাবাদে তৈরি হবে নয়া মহকুমা। ওয়াকফ নিয়ে অশান্তির পর মুর্শিদাবাদে আইনশৃঙ্খলার নজরদারি বাড়াতে চাইছে প্রশাসন। তাই নতুন মহকুমা তৈরির সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।

এপ্রিল মাসের শুরুতে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবা। ভাঙচুর হয় একাধিক বাড়ি। পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

সেই সময় পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল বিরোধীরা।

যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রাজ্য পুলিশ অতিদ্রুতই পরিস্থিতি আয়ত্তে আনে। সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সুতিতে প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখান থেকেই সুতি, ফরাক্কা ও ধুলিয়ানকে নিয়ে মুর্শিদাবাদে নয়া মহকুমা তৈরি করা হবে বলে জানালেন মমতা। বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।