কিবরিয়া আনসারী: মঙ্গলবারই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবার এক সংবাদমাধ্যমে একথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। রাজনীতিতে অভিষেক হতে পারেন বিচারপতি! রাজ্যজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা। বিচারপতির পদত্যাগের সিদ্ধান্তের কয়েক ঘন্টা পরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নতুন ইনিংসের শুভেচ্ছা জানালেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, "এধরণের মানুষ রাজনীতিতে এলে ভালো।

"

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলায় এজলাসে বসে মমতা বন্দ্যোপাধ্যায়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে নানা কথা বলতে শোনা গিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়াকে। সেই প্রসঙ্গ টেনেই বিচারপতিকে খোঁচা দিয়েছেন কুণাল। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তাঁর প্রশ্ন, "১-যে দলেই যান, তাতে আপনার আগের রায়, সংলাপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকবে। আপনি তৃণমূল বিরোধী হিসেবেই ওসব বলেছেন, প্রমাণ হবে। ২-যে দলেই যান, সেখানে দুর্নীতি বা অন্য কোনো অভিযোগ থাকবেই। সেগুলো তখন মেনে নিতে পারবেন তো?

"

এদিকে, বিচারপতির পদ থেকে অবসর নিয়ে রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেনে অভিজিৎ? ইতিমধ্যে এনিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, "রাজনীতিতে যোগ দেব কি না, তা সময়ই বলবে।" এরপরই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "ক্ষমতাসীন দলের নানা মামলায় আমার রায় পছন্দ না হলেই যেভাবে আমার বিরুদ্ধে আক্রমণ হয়েছে, আমাকে বলা হয়েছে, ময়দানে নামতে। তা ভেবেই আমি ময়দানে নামতে চাই। দেখা যাক।”