পুবের কলম, ওয়েবডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের কড়া সমালোচনা করল ভারত। পাশাপাশি জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলেও ফের একবার ভারত স্পষ্ট করে দিয়েছে ভারত। গত রবিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের ১৪৮তম অধিবেশনে একথা বলেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নে ভারতীয় প্রতিনিধি হরিবংশ নারায়ণ সিং। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বলেন, পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, সহায়তা করে এবং সক্রিয়ভাবে সমর্থন করে, তা প্রতিষ্ঠিত সত্য।

এমন যে দেশের ইতিহাস, তাদের মানবাধিকার নিয়ে কোনও মন্তব্য করার অধিকার নেই। নারায়ণ সিংয়ের কথায়, "জম্মু ও কাশ্মীরে সীমান্ত পেরিয়ে এসে অগণিত সন্ত্রাসবাদী হামলা চলছে। পাকিস্তানে জঙ্গি তৈরির কারখানা রয়েছে। সেখান থেকেই আসছে এই জঙ্গিরা।
"

 

এদিকে, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ সম্পর্কে ভারতের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ করে পাকিস্তান। এই এলাকাগুলিতে ভারত সরকার মানবিধাকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছিল ইসলামাবাদ। এর জবাবে নারায়ণ সিং বলেন, “ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এবং অনেক দেশই ভারতীয় গণতন্ত্রকে অনুকরণ করতে চায়। যে দেশের গণতন্ত্রের ট্র্যাক রেকর্ড অত্যন্ত খারাপ, তাদের মুখে মানববাধিকার নিয়ে বক্তৃতা, হাস্যকর।"