পুবের কলম ওয়েব ডেস্কঃ আফগানিস্তানের রিজার্ভের ৭ বিলিয়ন ডলার আটকে দিয়েছিল আমেরিকা। এর মধ্যে ৩.৫ বিলিয়ন ডলার নয় এগারোর হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করার ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর অবশিষ্ট ৩.৫ বিলিয়ন ডলার তিনি সরাসরি তালিবানের হাতে ফেরত দেননি। সেই অর্থ সুইৎজারল্যান্ডের ব্যাঙ্কে একটি বোর্ডের অধীনে স্থানান্তর করেছেন। সেই অর্থ আফগানিস্তানে পৌঁছে দিতে সংশ্লিষ্ট ট্রাস্টিরা কাজ শুরু করেছেন।
আরও পড়ুন:
আফগানিস্তানকে অর্থ ফেরাতে গঠিত সুইৎজারল্যান্ড-ভিত্তিক ট্রাস্ট ফান্ডের বোর্ড সদস্যরা সোমবার প্রথমবারের মতো জেনেভায় বৈঠক করেছেন। তবে ঠিক কবে তালিবানের হাতে অর্থ তুলে দেওয়া হবে তা জানা যায়নি। উল্লেখ্য, গত বছর তালিবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর আমেরিকা দেশটির ৭ বিলিয়ন ডলার আটকে দেয়। এগুলো আমেরিকার ফেডারেল রিজার্ভে জমা ছিল। এরপর নানাভাবে তালিবান সরকার সেই আটক অর্থ ফেরত পাওয়ার চেষ্টা করে।
আরও পড়ুন:
অবশেষে গত সেপ্টেম্বরে আমেরিকা ৩.৫ বিলিয়ন ডলার সরাসরি তালিবানের হাতে না দিয়ে সুইৎজারল্যান্ডের বাসেলের ব্যাঙ্ক অব ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসে (বিআইএস) স্থানান্তর করে। ওই ট্রাস্ট ফান্ডের সদস্য আফগান আমেরিকান অর্থনীতিবিদ শাহ মেহরাবি বলেন, ‘এই তহবিল আফগানদের জন্য। এই অর্থের সুরক্ষা নিশ্চিত করা হবে, যাতে ক্ষতিগ্রস্ত ও অভাবগ্রস্ত আফগান জনগণ এই অর্থ কাজে লাগাতে পারে। বিশেষ করে আফগানদের মৌলিক চাহিদা পূরণে অর্থগুলো ব্যবহার করা হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এ ব্যাপারে তালেবান সরকারের সাথে আলোচনা করা হবে।’