পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ আজই ঘোষণা করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। রবিবার বিকেল চারটায় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানেই ভোটের পূর্ণাঙ্গ সূচি জানানো হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, এ বার পশ্চিমবঙ্গে ভোটের দফা আগের তুলনায় কম হতে পারে। গত কয়েকটি নির্বাচনে রাজ্যে ছয় থেকে সাত দফায় ভোট হয়েছিল।
কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক অশান্তির সম্ভাবনার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পর্যবেক্ষক মোতায়েন করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতেই কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা নির্বাচনের দিনক্ষণ একই দিনে ঘোষণা করা হবে।
কিছু দিন আগে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের পূর্ণ বেঞ্চ কলকাতায় এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিল। সেই বৈঠকে বেশিরভাগ দলই কম দফায় ভোটের দাবি জানায়। বিরোধী দলগুলির কেউ কেউ এক বা দুই দফায় ভোট করার প্রস্তাবও দেয়।
এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। বহু ভোটারের নাম এখনও ‘বিবেচনাধীন’ তালিকায় রয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখছেন কলকাতা উচ্চ আদালত নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা।
গত ২৮ ফেব্রুয়ারি সংশোধিত হলেও অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করার কথা থাকলেও এখনও তা প্রকাশিত হয়নি।
২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। এই তালিকায় থাকা ভোটাররা আদৌ ভোট দিতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের আগে যাঁদের নামের নিষ্পত্তি হয়ে যাবে, তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে নববর্ষের পরেই যদি প্রথম দফার ভোট শুরু হয়, তার মধ্যে সব নামের নিষ্পত্তি হবে কি না—তা এখনও স্পষ্ট নয়।