পুবের কলম প্রতিবেদক: শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশের ঠিক আগেই উত্তর কলকাতার গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এবার মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এই ঘটনাকে 'কাপুরুষোচিত আক্রমণ' বলে অভিহিত করে তিনি লেখেন, "এটি কেবল একজন মন্ত্রীর ওপর আক্রমণ নয়, বাংলার প্রতিটি নারীর সম্মানের ওপর আক্রমণ।"
অভিষেক সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলে বলেন, "প্রধানমন্ত্রী শহরে উপস্থিত ছিলেন বলেই বিজেপির দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে এই সাহস দেখানোর সুযোগ পেয়েছে।" ২০১৯ সালে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "ভাঙচুর ও পাথর ছোড়া বিজেপির পুরনো অভ্যাস এবং এটাই ওদের সংস্কৃতি।
ভাঙচুর, পাথর ছোড়া বিজেপির অভ্যাস বলে কটাক্ষ করে অভিষেক লিখেছেন, ‘এটাই ওদের সংস্কৃতি। বিজেপির বহিরাহত নেতারা বাংলায় উস্কানির রাজনীতি ঢোকাতে চায়। বাংলার শান্তি নষ্ট করে আতঙ্কের পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করছে ওরা।’ তৃণমূল এই ঘটনা ভুলবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।