পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চরম অস্বস্তিতে পড়েছে আমেরিকা। খোদ হোয়াইট হাউসের তৈরি করা রণকৌশল এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য 'ব্যুমেরাং' হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে ওয়াশিংটনকে তীব্র আক্রমণ শানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি।
 
ইরানের বিদেশমন্ত্রীর দাবি, মাত্র ১৪ দিনের যুদ্ধেই আমেরিকার দর্প চূর্ণ করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওয়াশিংটন এখন কার্যত 'হাতেপায়ে ধরছে' এবং যুদ্ধবিরতি বা সমঝোতার জন্য 'ভিক্ষা' করছে।

আরাগচির মতে, এই ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার 'ভণ্ডামি ও দ্বিচারিতা'কে সম্পূর্ণ নগ্ন করে দিয়েছে।
 
আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকার নীতির এই টালমাটাল অবস্থাকে বিশ্ব জ্বালানি বাজারের বাস্তব পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখছে ইরান। আরাগচি স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার অনড় রাজনৈতিক অবস্থান তেলের বাজারের কঠিন বাস্তবতার সামনে টিকতে পারছে না। যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যা পরোক্ষভাবে রাশিয়ার কোষাগার পূর্ণ করতে সাহায্য করছে। আমেরিকার এই ব্যর্থ রণকৌশল রাশিয়ার রাজস্ব বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করছে।