পুবের কলম প্রতিবেদক: কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবার রোগীরা পাবেন ব্যক্তিগত কেবিনের সুবিধা।  এতদিন এই পরিষেবা একমাত্র উপলব্ধ ছিল এসএসকেএম এবং আরজিকর হাসপাতালে।

প্রতিটি কেবিনের সঙ্গে সংযুক্ত থাকবে শৌচাগার। এছাড়াও টেলিভিশন এবং রোগীর আত্মীয়দের জন্য বসার জায়গাও থাকবে।  আগামী মার্চমাসের মধ্যেই  এই কেবিনগুলি চালু  হয়ে যাওয়ার কথা।

এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ধাঁচেই গড়ে উঠবে এই কেবিনগুলি। মেডিক্যাল কলেজের সুপারস্পেশালিটি ভবনের আট এবং নয় নম্বর তলায় এই কেবিনগুলি  থাকবে। প্রতিতলায় থাকবে মোট ১৩টি করে কেবিন।

সবমিলিয়ে থাকবে ২৬টি কেবিন। তবে এই কেবিনে থেকে চিকিৎসা পরিষেবার সুযোগ নিতে রোগীকে টাকা দিতে হবে।

সিঙ্গল কেবিনে দিন প্রতি দিতে হবে ২৫০০ টাকা। ডাবল শেয়ারিংয়ে ২০০০ টাকা দিন প্রতি।

মার্চের শুরুতে কিছু কেবিন চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক সুদীপ্ত রায়। কলকাতা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ইন্দ্রনীল  বিশ্বাস জানিয়েছেন মেডিক্যাল পড়ুয়াদের জন্য সংরক্ষিত থাকবে দুটি কেবিন।  এছাড়াও ভিআইপিদের জন্য থাকবে একটি কেবিন। বাকি কেবিনগুলি সাধারণ রোগীদের।

মনিটরিং মেশিন, অক্সিজেন সরবরাহ ছাড়াও রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে ২৪ ঘ্ন্টা মোতায়েন থাকবেন চিকিৎসক ও নার্স।