পুবের কলম, ওয়েব ডেস্ক: বুধবার সন্ধ্যায় দুই দলিত নাবালিকা বোনকে ধর্ষণ এবং খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার ঘটনার পর নিন্দায় সরব হয়েছে গোটা দেশ। নড়েচড়ে বসেছে উত্তর প্রদেশের প্রশাসন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওই দুই নাবালিকার পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২৫ লক্ষ টাকা, একটি পাকা বাড়ি এবং কৃষিজমি দেওয়ার নির্দেশ দিয়েছেন।দ্রুত এই ঘটনার তদন্ত এবং বিচার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই ঘটনার বিচার যাতে একমাসের মধ্যে শেষ করা হয় তার নির্দেশও দেওয়া হয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, বুধবার লখিমপুর খেরির নিঘাসন কোতোয়ালি এলাকার তমোলিন গ্রামের দুই নাবালিকা বোনকে অপহরণ করে একটি আখের ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাদের। এরপর শ্বাসরোধ করে খুন করা হয় তাদের। পরে তাদেরই ওড়না গলায় বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়। ২০১৪ সালেও একই ধরণের ঘটনা দেখেছিল উত্তরপ্রদেশ।