আরও পড়ুন:
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কুণাল তাঁর ও পরিবারের বিরুদ্ধে অসত্য ও কুরুচিকর মন্তব্য করেছেন। চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত থাকা, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া থেকে শুরু করে ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে নানা মন্তব্যে ক্ষুব্ধ মিঠুন দাবি করেছেন, তাঁর সম্মান, কাজ ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। পদ্মভূষণপ্রাপ্ত এই অভিনেতার দাবি, এসব মিথ্যা প্রচারের কারণে চলচ্চিত্র ও বিজ্ঞাপন সংক্রান্ত কাজ ব্যাহত হয়েছে।
ক্ষতিপূরণ হিসাবে ১০০ কোটি টাকার দাবি করেছেন তিনি। মামলার জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা কোর্ট ফি জমা দিয়েছেন মিঠুন। তবে শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি। অন্যদিকে, কুণাল ঘোষ জানান, ‘‘যাঁর মান থাকে, তিনি এত বার দলবদল করে নাকি! তদন্তের ভয়ে কেউ দলবদল করেন! কোর্টে দেখা হবে।’’ কুণালের আরো মন্তব্য, ‘‘আমিও ওঁর বিরুদ্ধে মামলা করেছি। চার-পাঁচটি চিটফান্ডের সঙ্গে ওর কী সংযোগ ছিল, সেটা আমি কোর্টে বলব। বলব পুরোটা সিবিআই তদন্ত করুক।’’