পুবের কলম, ওয়েবডেস্ক: শিশু কোলে নিয়েই দায়িত্বে অবিচল মেয়র। এই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অনেকেই ভাইরাল ছবি দেখে মেয়রের প্রশংসা করেছেন। আবার অনেকেই সমালোচনা ও ট্রোলিং করে বিতর্কের জন্ম দিয়েছেন।

 

কেরলের তিরুবনন্তপুরমের মেয়র আর্য রাজেন্দ্রন। যিনি দেশের সর্বকনিষ্ঠ মেয়র হিসাবে দেশের দৃষ্টি আকর্ষণ করেছেন। এক মাস বয়সী শিশুকে কোলে নিয়ে অফিসে কাজ করতে দেখা গিয়েছে মেয়র আর্যকে। শিশু কোলে ফাইলে সই করছেন তিনি, এই ছবি ভাইরাল হতেই অনেকেই লেখেন, ‘অনায়াসে পেশাগত এবং ব্যক্তিগত উভয় দায়িত্বই পরিচালনা করছেন তিনি’।

‘মাতৃত্ব কখনোই একজন মহিলার সাফল্যে বাধা হতে পারে না। তাঁর জন্য ইচ্ছাশক্তি ও মনোবল প্রয়োজন’।

 

 

ভাইরাল ছবির সমালোচনা এবং ট্রোলিংও হয়েছে ঢের।

সমালোচকরা ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। অনেকেই এটিকে নিছক ছবির সুযোগ বলে মনে করেন। কেউ কেউ মন্তব্য করেন, ‘উচ্চপদস্থ পদে থাকা মহিলারা যে বিশেষ সুবিধাভোগ করেন, এটাই তাঁর প্রমাণ। নিত্যদিন চ্যালেঞ্জের সম্মুখীন শ্রমিকরা কখনই এধরনের সুযোগ-সুবিধা পান না’।

 

প্রসঙ্গত, ২৪ বছর বয়সী আর্য রাজেন্দ্রন ২০২০ সালে অথাৎ ২১ বছর বয়সে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কেরল বিধানসভার বাম বিধায়ক শচীন দেবকে বিয়ে করেন তিনি। ১০ অগাস্ট দম্পতি শিশুকন্যার জন্ম দিয়েছেন।