পুবের কলম ওয়েব ডেস্ক: সামরিক জান্তা ও স্বাধীনতাকামী দলগুলির লড়াইয়ে মায়ানমারে প্রায় তিন লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। ২০২১ সালের পর মায়ানমারের এই ঘটনাকে সবচেয়ে বড় নাগরিক বিপর্যয় বলে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রসংঘর শরণার্থী বিষয়ক হাইকমিশনারের মতে, অক্টোবরের শেষ থেকে মায়ানমার জুড়ে কমপক্ষে ৩ লক্ষ ৩৩ হাজার ৫০০ অসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে দেশব্যাপী ২০ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন:
গত ১৩ নভেম্বর স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি জান্তা বাহিনীর ওপর আক্রমণ করার পর উত্তর রাখাইন রাজ্যের পাউকতাও শহর থেকে প্রায় ২০ হাজার মানুষ পালিয়ে যায়। রাষ্ট্রসংঘের মতে, অন্তত ৫০০ জন বাসিন্দা এখনও শহরে আটকে পড়ে আছে। মান্দালয় অঞ্চলের মাদায়া, চিন রাজ্যের মাতুপি এবং সাগাইং অঞ্চলের কালে এবং তাজে শহর থেকে প্রায় ৩৩ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, ‘আমাদের মানবিক সহকর্মীরা জানিয়েছেন, জাতিগত সশস্ত্র সংগঠন এবং মায়ানমারের সশস্ত্র বাহিনীর মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। সংঘাত ঘনবসতিপূর্ণ অঞ্চলসহ অন্যান্য এলাকায় বিস্তৃত হয়েছে।’
আরও পড়ুন: