আরও পড়ুন:
জাতীয় সড়কে ক্রমবর্ধমান দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে এবার আধুনিক প্রযুক্তির উপর জোর দিচ্ছে ন্যাশনাল রোড সেফটি কাউন্সিল। দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করা, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং নতুন ‘ব্ল্যাক স্পট’ শনাক্ত করতে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কগুলিতে বসানো হচ্ছে ৩৬০ ডিগ্রি পিটিজেড (প্যান–টিল্ট–জুম) ক্যামেরা।
কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, এই উন্নত ক্যামেরাগুলি চারদিক থেকে যান চলাচলের ছবি ধরতে সক্ষম। ক্যামেরায় ধরা পড়া তথ্য বিশ্লেষণ করে কোথায় এবং কী কারণে দুর্ঘটনা বেশি ঘটছে, তা নির্দিষ্ট করা যাবে। পাশাপাশি অতিরিক্ত গতিতে চলা গাড়ি শনাক্ত করে নম্বর প্লেট স্ক্যানের মাধ্যমে মালিকের তথ্য সংগ্রহ ও সরাসরি ই-চালান পাঠানো সম্ভব হবে।
বিশেষজ্ঞদের মতে, জাতীয় সড়কে দুর্ঘটনার বড় কারণ বেপরোয়া গতি ও নজরদারির অভাব। সেই সঙ্গে অপরাধ করে পালানোর ক্ষেত্রেও হাইওয়ে ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতিতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা নজরদারি বাড়িয়ে আইনশৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা দু’দিকেই কার্যকর ভূমিকা নেবে।আরও পড়ুন:
প্রাথমিকভাবে দুর্ঘটনাপ্রবণ ও যানবাহনের চাপ বেশি এমন এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে ক্যামেরা বসানো হবে। নতুন ব্ল্যাক স্পট নির্ধারণের পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন, গতি নিয়ন্ত্রণ ও পরিকাঠামোগত পরিবর্তনের মতো ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্য—আগামী এক দশকের মধ্যে জাতীয় সড়কে মৃত্যু শূন্যে নামিয়ে আনা।