বিশেষ প্রতিবেদন: গর্ভাবস্থা বা প্রসবকালীন জটিলতার কারণে বিশ্বে প্রতি ২ মিনিটে একজন নারীর মৃত্যু হয়। রাষ্ট্রসংঘের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা গিয়েছে, ২০ বছরে বিশ্বে মাতৃমৃত্যুর হার এক-তৃতীয়াংশ কমেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্বে মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
তবে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত এই হার মূলত স্থবির ছিল। কিন্তু এই সময়ে কিছু অঞ্চলে তা বাড়তে দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ রাষ্ট্রসংঘের অন্যান্য সংস্থার প্রতিবেদন অনুসারে, ২০ বছরের মধ্যে বিশ্বে সামগ্রিকভাবে মাতৃমৃত্যুর হার ৩৪ দশমিক ৩ শতাংশ কমেছে।

২০০০ সালে বিশ্বে প্রতি ১ লক্ষ শিশু জন্মের সময় ৩৩৯ জন মায়ের মৃত্যু হতো।
২০২০ সালে এই মাতৃমৃত্যু কমে ২২৩ জনে দাঁড়ায়। তার মানে হল, গর্ভাবস্থা বা প্রসবজনিত জটিলতায় ২০২০ সালে বিশ্বে প্রতিদিন প্রায় ৮০০ জন নারীর মৃত্যু হয়। অর্থাৎ প্রতি ২ মিনিটে প্রায় একজন নারীর মৃত্যু হয়েছে।

 বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ঘেব্রিয়াসুস বলেন, ‘যদিও গর্ভাবস্থা অনেক প্রত্যাশার সময় হওয়া উচিত, সব নারীদের জন্য একটি ইতিবাচক অভিজ্ঞতার বিষয় হওয়া উচিত, কিন্তু দুঃখজনকভাবে এখনও বিশ্বজুড়ে লাখো মানুষের জন্য তা একটি মর্মান্তিক বিপজ্জনক অভিজ্ঞতা।’