পুবের কলম ওয়েব ডেস্ক: বহুল আলোচিত অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বুধবার ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ নওয়াজকে এই মামলা থেকে খালাসের আদেশ দেয়। অবৈধ অর্থ দিয়ে লন্ডনে সম্পদ গড়ার অভিযোগে ২০১৮ সালে অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু পাঁচ বছর পর দুর্নীতির দায় থেকে মুক্তি পেলেন তিনি। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে। নির্বাচনের আগে দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার বিষয়টি নওয়াজ শরিফের জন্য স্বস্তির।
আরও পড়ুন:
২০১৬ সালে পানামা পেপারসে লন্ডনের অভিজাত এলাকা পার্ক লেনে অ্যাভেনফিল্ড হাউসে নওয়াজ শরিফের চারটি বিলাসবহুল ফ্ল্যাট থাকার তথ্য ফাঁস হয়। নওয়াজের বিরুদ্ধে অভিযোগ, তিনি এসব ফ্ল্যাট কেনার অর্থের বৈধ আয় দেখাতে পারেননি। পানামা পেপারস কেলেঙ্কারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় নওয়াজ শরিফকে।
আরও পড়ুন:
দেশের সর্বোচ্চ আদালত তাঁকে অযোগ্য ঘোষণা করেন। আদালত তাঁকে রাষ্ট্রীয় যেকোনও পদের জন্য আজীবন নিষিদ্ধ ঘোষণা করে। পরে আদালতের রায়ে দলীয় প্রধানের পদও ছাড়তে হয় নওয়াজকে।
অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় ২০১৮ সালের জুলাইয়ে পাকিস্তানের একটি জবাবদিহি আদালত নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয়। এ ছাড়া ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) সহযোগিতা না করার কারণে অতিরিক্ত এক বছরের কারাদণ্ড হয় তাঁর।আরও পড়ুন:
সাজাপ্রাপ্ত নওয়াজ ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য ব্রিটেন যান। এরপর নওয়াজ চার বছর সেখানেই ছিলেন। গত মাসে তিনি দেশে ফেরেন। আদালতের ঘোষণার পর নওয়াজ সাংবাদিকদের বলেন, ‘খোদার কাছে শুকরিয়া জানাই।
আমি সবকিছু তাঁর দরবারে ছেড়ে দিয়েছিলাম। তিনিই আমাদের বিজয়ী করেছেন।’ তবে নওয়াজের বিরুদ্ধে এখনও আল-আজিজিয়া স্টিল মিল মামলার রায় বহাল রয়েছে। ২০১৮ সালে আল-আজিজিয়া মামলায় নওয়াজকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে এ মামলার আপিল শুনানি সম্পন্ন হবে।