পুবের কলম, ওয়েবডেস্ক: ভোট গণনার আগেই খুলল পোস্টাল ব্যালট। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই বির্তক শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর পাঁচ রাজ্যে ভোটের গণনা রয়েছে। তার আগেই পোস্টাল ব্যালট খুললেন এক নির্বাচন আধিকারিক। মধ্যপ্রদেশের এই ঘটনা প্রকাশ্যে আসতেই কারচুপির অভিযোগে সরব হয়েছে কংগ্রেস।

চাপের মুখে পড়ে বালাঘাট জেলার ওই ঘটনায় মঙ্গলবার তড়িঘড়ি সংশ্লিষ্ট পোস্টাল নোডাল অফিসারকে সাসপেন্ড করেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক।

 

অভিযোগ, বালাঘাটের জেলা নির্বাচন আধিকারিক গণনার আগেই পোস্টাল ব্যালট খুলে ফেলার অভিযোগ করেছিল কংগ্রেস। প্রাথমিক তদন্তের পর তহশিলদার হিসাবে কর্মরত হিম্মত সিং নামে ওই আধিকারিককে সাসপেন্ড করা হয়। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুপম রাজন জানান, 'বালাঘাটে কোনও পোস্টাল ব্যালট ভোট গণনা হয়নি। পোস্টাল ব্যালটগুলি বিধানসভা কেন্দ্র অনুসারে বাছাই করা হয়েছিল এবং সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে করা হয়েছিল।'