উত্তরাখণ্ড, ২৮ নভেম্বর: 'প্রধানমন্ত্রী আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, সেটাই আমি পালন করেছি। তিনি না থাকলে উদ্ধারকাজ সম্ভব হত না', এভাবেই মোদির প্রশংসা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মঙ্গলবার রাতেই উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধারের পর ওই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিন রাতেই সাংবাদিক বৈঠকে ধামি বলেন, 'দুর্ঘটনা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে লাগাতার খবর নিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, তা আমি সম্পূর্ণ করতে পেরেছি। প্রধানমন্ত্রী না থাকলে এই কাজ সম্ভব হত না।
এছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন উদ্ধারকারী সংস্থার প্রচেষ্টা ছাড়া এই কাজ সম্ভব হত না।'আরও পড়ুন:
পুষ্কর সিং ধামি বলেন, 'এই কঠিন পরিস্থিতিতে সবাই আমাদের উদ্ধার কাজে সহযোগিতা করেছেন। দুঃসাধ্যকে সাধন করেছেন উদ্ধারকারীরা। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি প্রথম কথা বলার সময় শ্রমিকরা আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে ছিলেন। তাদের আশ্বস্ত করে অভয় জুগিয়েছিলাম।
এতেই তাঁদের মনবল বাড়ে। ৪১ শ্রমিককে সুস্থভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপাতত তাঁরা চিকিৎসাধীন থাকবেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সরকার পদক্ষেপ করবে। তবে কিছুদিনের জন্য শ্রমিকদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্থতা এবং পরিবারের মঙ্গল কামনা করছি।'আরও পড়ুন:
তিনি আরও বলেন, 'এই উদ্ধার কাজে একটি নিয়ম তৈরি করা হয়েছিল। যাদের অল্প বয়স তাদের আগে উদ্ধার করা হবে এবং টিম লিডারদের শেষে উদ্ধার করা হবে। নিয়মমতই উদ্ধার হয়েছে। তবে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেদিকে বিশেষ নজর দেবে সরকার। উত্তরাখণ্ডের যে সমস্ত জায়গায় সুড়ঙ্গ তৈরি হচ্ছে, আগামীতে সেগুলিকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আশা করছি এধরনের দুর্ঘটনা হবে না।'