পুবের কলম ওয়েব ডেস্ক: ছয়দিনের বিরতির পর শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরণের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ভোরে এ হামলার ঘটনায় ৫ জন আহত হয়েছেন বলে  দাবি করছে ইউক্রেনীয় রাজধানীর সামরিক প্রশাসন। সেই সঙ্গে এ হামলাকে এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা বলে মন্তব্য করেছে দেশটির বিমান বাহিনী। বিস্ফোরণের বিকট শব্দে  পাঁচজন আহত হয়েছেন।  স্থানীয় সময় শনিবার ভোরে কিয়েভের বিভিন্ন অংশে ড্রোন হামলা চালায় রাশিয়া।

সূর্য ওঠার সাথে সাথে হামলার তীব্রতা আরও বাড়তে থাকে।

সব ড্রোনগুলোই ইরানের শাহিদ কামিকাজের। ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সাসপিলনে জানিয়েছে, অন্তত ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে স্থানীয় মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে দেওয়া বার্তায়  লিখেছেন, হামলায় ১১ বছর বয়সী এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। শুধু তাই না, শহরের বিভিন্ন ভবনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার জানিয়েছেন যে, বেশিরভাগ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।