বিএলও অ্যাপের ধারাবাহিক ক্র্যাশ ও প্রযুক্তিগত জটিলতার মধ্যে ইনিউমারেশন ফর্ম আপলোডের সময়সীমা হঠাৎ কমিয়ে ২৮ নভেম্বর নির্ধারণ করায় ক্ষোভে ফুঁসছেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। যদিও সরকারি বিজ্ঞপ্তিতে শেষ তারিখ ৪ ডিসেম্বরই ছিল, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ইআরও) মৌখিক নির্দেশে ছয়দিন আগেই কাজ শেষের চাপ তৈরি হয়েছে। এ বিষয়ে লিখিত নির্দেশনা চাইলে কোনো জবাব মিলছে না বলেই অভিযোগ।

বিএলওদের  অভিযোগ, অ্যাপ ঠিকমতো না চললে এত বড় কাজ নির্দিষ্ট সময়ের আগেই শেষ করা অসম্ভব।

অন্যদিকে সুপারভাইজাররা জানান, তাঁরা ওপর মহলের নির্দেশই শুধু পৌঁছে দিচ্ছেন। এসআইআর নির্দেশিকা অনুযায়ী শেষ তারিখ ৪ ডিসেম্বর বলেই ডেপুটি নির্বাচন কমিশনারও জানিয়েছেন। ফলে হঠাৎ আগাম সময়সীমা বেঁধে দেওয়ায় আরো বিভ্রান্তি তৈরি হয়েছে বিএলওদের মধ্যে।