পুবের কলম,ওয়েবডেস্ক: অমিত শাহের অনুষ্ঠানে হিটস্ট্রোকে ১১ জনের মৃত্যু। অসুস্থ হয়ে পড়েন আরও অনেকে। তীব্র গরমে জেরবার দেশবাসী, চলছে  তাপপ্রবাহ। এই অবস্থায় মহারাষ্ট্রে নবি মুম্বইতে মহারাষ্ট্র ভূষণ নামে একটি পুরস্কার কার্যক্রমের আয়োজন করা হয়েছিল। তাতে যোগ দিতে এসেছিলেন লক্ষ লক্ষ মানুষ।
সেখানে প্রবল গরম ও তাপপ্রবাহে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন আরও ৬০০ জনেরও বেশি। এই ঘটনার পরই প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছে সাধারণ মানুষ। ১১ জনের মৃত্যুর জন্য সরকারের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তোলা হয়েছে।

বাণিজ্য নগরী মুম্বইয়ের কাছে অবস্থিত রায়গড় জেলার খারঘর এলাকায়  রবিবার মহারাষ্ট্র ভূষণ কার্যক্রমের ফাংশন আয়োজন হয়েছিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আধ্যাত্মিক গুরু ও সমাজ সংস্কারক আপ্পাসাহেব ধর্মাধিকারীর  হাতে পুরস্কার তুলে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অসুস্থদের তড়িঘড়ি করে খারঘরের টাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মৃত্যু হয় ১১ জনের। এখনও চিকিৎসাধীন বহু মানুষ। পরবর্তীতে হাসপাতালে অসুস্থদের দেখতে যান একনাথ শিন্ডে। একটি বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, অনুষ্ঠানে যোগ দিতে এসে হিটস্ট্রোকে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।