পারিজাত মোল্লা: বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওঠে জবর দখল করে রাখা এক হেরিটেজ জায়গা বিষয়ক মামলা। তৃণমূলের পুরসভা এবং সিপিএমের কোঅর্ডিনেশন কমিটির বিরুদ্ধে হেরিটেজ ভবন দখল করে রাখার অভিযোগ উঠেছে। এই মামলার শুনানি চলে কলকাতা হাইকোর্টে। ওই মামলাতেই বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল হল থেকে সমস্ত বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের নির্দেশ, ‘জেলাশাসককে আগামী দু'সপ্তাহের মধ্যে এই হেরিটেজ ভবনের এলাকা চিহ্নিত করতে হবে ও সেখানে কোনও বেআইনি নির্মাণ থেকে থাকলে তা ভেঙে ফেলতে হবে’।আরও পড়ুন:
আদালত সুত্রে প্রকাশ, রানি ভিক্টোরিয়ার প্রথম পুত্র এলবার্ট এডওয়ার্ডের স্মরণে বাঁকুড়া সদরে তৈরি এডওয়ার্ড মেমোরিয়াল হলটি আগেই হেরিটেজ ভবন হিসাবে চিহ্নিত হয়েছে। অভিযোগ এই হেরিটেজ ভবনের একাংশ দখল করে স্টাফ কোয়ার্টার ও একাধিক পাকা স্টল নির্মাণ করেছে খোদ বাঁকুড়া পুরসভা। অন্যদিকে, ভবনের আরেকটি অংশ দখল করেছে বাম সরকারি কর্মচারিদের সংগঠন স্টেট কো-অর্ডিনেশন কমিটি।
এই অভিযোগে ভবনটি বেআইনি দখলদার মুক্ত করার দাবিতে হাইকোটের দ্বারস্থ হয়েছিল বাঁকুড়া শাস্ত্রীয় সঙ্গীত সমাজ নামে একটি সংগঠন। সেই মামলায় আগেই জেলা ডেপুটি ভূমি ও ভূমি সংস্কার অধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্টে বেআইনি দখলদারির কথা উল্লেখ করা হয়।আরও পড়ুন:
বুধবার ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতির নির্দেশ, ‘জেলাশাসক একটি দল গঠন করে দু'সপ্তাহের মধ্যে এডওয়ার্ড মেমোরিয়াল হলের সীমানা চিহ্নিত করবেন। সেখানে কোনও বেআইনি নির্মাণ থেকে থাকলে তা ভেঙে ফেলতে হবে’। পুরসভা আধিকারিকদেরও উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।