পুবের কলম ওয়েবডেস্ক: এক রাতের টানা বৃষ্টিতে দার্জিলিঙে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। শনিবার রাতের ভারী বর্ষণে মিরিকের লোহার সেতু ভেঙে পড়ে ৯ জন এবং সুখিয়ায় ৪ জনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃষ্টিতে পাহাড়জুড়ে ধস নেমে দার্জিলিং, কালিম্পং ও সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিস্তার জল বেড়ে ১০ নম্বর জাতীয় সড়ক উঠে আসায় যান চলাচল বন্ধ। মিরিক, দুধিয়া, দিলারাম ও রোহিণী রোডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আবহাওয়া দফতর জানায়, উত্তরবঙ্গে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিপর্যয় মোকাবিলায় উদ্ধারকাজ চলছে, তবে প্রতিকূল আবহাওয়ায় তা ব্যাহত হচ্ছে। জিটিএ পর্যটকদের রক গার্ডেন ও টাইগার হিলে যাওয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে।