পুবের কলম প্রতিবেদক: উত্তর কলকাতার বেলগাছিয়া এলাকায় কিছু উগ্রপন্থী কয়েকজন মুসলিম যুবকের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১২ জন উগ্রপন্থী প্রথমে ওই যুবকদের নাম জিজ্ঞাসা করে এবং তারপর হঠাৎ করেই শারীরিকভাবে আক্রমণ করে।
আরও পড়ুন:
মুসলিম বলেই এই আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার শিকার হন মুহাম্মদ সেলিম ওরফে সানি, যিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চোখটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:
ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জামাআতে ইসলামী হিন্দের রাজ্য শাখার পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করতে যান। প্রতিনিধিদলে ছিলেন রাজ্য বিভাগীয় সম্পাদক সাদাব মাসুম, আবদুর রহিম ও রাজ্য অফিস সেক্রেটারি সাবির আলী এবং হিউম্যান কেয়ার ট্রাস্টের সদস্য ওমর আউয়েস।
আরও পড়ুন:
প্রতিনিধি দল আক্রান্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং রাজ্য জামাআতের পক্ষ থেকে সকল ধরনের সাহায্যের আশ্বাস দেন। তাঁরা এই ঘটনার ন্যায়বিচার দাবি করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
আরও পড়ুন:
মানুষের জাত-ধর্ম দেখে আক্রমণের ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তাঁরা। রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সম্প্রীতি যাতে নষ্ট না হয় তাই প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত দাবি করেন সাদাব মাসুম।