পুবের কলম প্রতিবেদক: বাগুইআটির বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু এক গৃহবধূর। মৃতের নাম তিতাস নন্দী (২৮)। শুক্রবার রাত দশটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে বাগুইআটি আমবাগান এলাকায়। মৃত্যু কারণ আত্মহত্যা না আবাসনের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
গৃহবধূর রহস্যমৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।আরও পড়ুন:
পুলিশ সূত্রের খবর, মাসখানেক আগে এক যুবকের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে হয়েছিল তিতাসের। সেই থেকেই বাগুইআটির আমবাগান এলাকার একটি আবাসনের গ্রাউন্ড ফ্লোরে ভাড়া থাকত ওই দম্পতি। প্রতিবেশীদের দাবি, স্বামী-স্ত্রী দু'জনের দাম্পত্য কলহ প্রায় লেগেই থাকত।
এদিন রাতে আবাসনের পাঁচতলার ছাদের উপর থেকে ভারী কিছু জিনিস পড়ার শব্দ শুনতে পান পড়শিরা। সেই আওয়াজে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে এসে দেখেন গৃহবধূ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন। খবর যায় পুলিশের কাছে।আরও পড়ুন:
নাগেরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসকেরা তিতাসকে মৃত বলে ঘোষণা করে। এটি নিছকই আত্মহত্যা? নাকি যুবতী মৃত্যুর পিছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে, ধন্দে পুলিশ! সবটাই খতিয়ে দেখতে আপাতত একটি অস্বাভাবিক মামলার রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ। এদিকে দুর্ঘটনার পথ থেকে পলাতক ছিল যুবতীর স্বামী। তাকে খুঁজে গ্রেফতার করেছে পুলিশ।