পুবের কলম ওয়েবডেস্ক : মাঝে কয়েকদিনের বিরতির পর ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি শুরু হতে পারে।
আরও পড়ুন:
বর্তমানে মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায়, আগামী ২৪ ঘণ্টায় মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। যেটি কিনা পরবর্তী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে উঠবে।
হাওয়া অফিস জানিয়েছে, সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা থাকছেই। ফলে, বুধবার থেকে শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে।বুধবার থেকে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ের সঙ্গে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে বলে খবর রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।
তবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা সবথেকে বেশি।শুক্রবার দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আগাম হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু এখনই রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গ। সপ্তাহভর দুর্যোগ চলার আশঙ্কা। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, এমনকি কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি হতে পারে বলে খবর।আরও পড়ুন:
রবিবার থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও পরে কালিম্পংয়ে আবারও ভারী বৃষ্টি শুরু হবে। টানা বৃষ্টির কারণে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় এবং সিকিমে ধস নামার আশঙ্কা রয়েছে। তার সঙ্গে তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বেড়ে যাওয়ার আগাম সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা, বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকছে।