পুবের কলম প্রতিবেদক: হজযাত্রীদের জন্য উপযুক্ত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্য। আর এই লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় ভারতীয় দূতাবাসে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে ১০ জনের নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রকে পাঠিয়ে দিল রাজ্যের স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন:
এই বছরের হজযাত্রীদের চিকিৎসা পরিষেবায় সহায়তার লক্ষ্যে জেদ্দায় ভারতীয় দূতাবাসে যাতে অস্থায়ী ভিত্তিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করা যায়, তার জন্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরকে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নাম মনোনিত করে পাঠানোর কথা জানিয়েছিল দেশের স্বাস্থ্যমন্ত্রক। জেদ্দায় ভারতীয় দূতাবাসে হজযাত্রীদের সহায়তার জন্য এর আগে অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেনডেন্ট পদমর্যাদার একজন চিকিৎসক এবং প্যারামেডিকেল স্টাফ হিসাবে একজন স্বাস্থ্যকর্মীর নাম মনোনয়ন করে দিল্লিকে জানিয়েছিল রাজ্য।
আরও পড়ুন:
এবার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে আরও ১০ জনের নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রকে পাঠিয়ে দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। এই ১০ জনের এই দলে চিকিৎসক রয়েছেন পাঁচজন। এই পাঁচজনের মধ্যে রয়েছেন মেডিসিন, গাইনোকলোজি অ্যান্ড আবস্ট্রেটিকস, ইএনটি, অ্যানেস্থেসিয়োলজি বিভাগের একজন করে চিকিৎসক এবং একজন ডেন্টাল সার্জন। বাকি পাঁচজন স্বাস্থ্যকর্মীর মধ্যে রয়েছেন দুই জন নার্স, একজন ফার্মাসিস্ট এবং ইসিজির একজন মেডিক্যাল টেকনোলজিস্ট (ইসিজি) আর ল্যাবরেটরির একজন মেডিক্যাল টেকনোলজিস্ট। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, হজযাত্রীদের জন্য যাতে উপযুক্ত চিকিৎসা পরিষেবা প্রদান করা যায়, সেই লক্ষ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে এই ১০ জনকে জেদ্দায় ভারতীয় দূতাবাসে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য মনোনীত করে, তাঁদের নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রকে পাঠানো হয়েছে।