পুবের কলম ওয়েবডেস্কঃ শুক্রবার পালিত হল পবিত্র হজ, আরাফাত দিবস। ঐতিহাসিক আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হল 'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’। শুক্রবার ফজরের নামাযের পর হাজিরা মিনা থেকে আরাফাতের ময়দানে হাজির হন। এখানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা, অন্যতম ফরজ।

এ বছর ঐতিহাসিক নামিরা মসজিদ থেকে পবিত্র হজের খুতবা দিয়েছেন শায়খ মুহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা। শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করেন হাজিরা। দুই মাইল দৈর্ঘ্য ও দুই মাইল প্রস্থের বিরাট সমতল ময়দানের নাম আরাফাত। এর তিন দিকে রয়েছে জাবাল বা পাহাড়।
জাবালে রহমত হল রহমতের পাহাড়। পৃথিবীতে এসে হযরত আদম (আ.) ও হযরত হাওয়া (আ.) এর পুনর্মিলন হয়েছিল এ ময়দানে। হযরত মুহাম্মদ (সা.) জাবালে রহমত পাহাড়ের কাছে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই পাহাড়ে একটি উঁচু পিলার আছে। একে কেউ কেউ দোয়ার পাহাড়ও বলেন। হজযাত্রীরা জাবালে রহমতে উঠে ইবাদত বন্দেগি করেন।

https://www.haramainsharifain.com/arafat-sermon-1443-2022-translation/