পুবের কলম ওয়েবডেস্ক: ভূস্বর্গে ফের গুলির লড়াই। পাক জঙ্গিদের নাশকতার ছক বানচাল করল ভারতীয় সেনাবাহিনী। দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াইয়ে খতম ১ পাক জঙ্গি। সেনাবাহিনী সূত্রের খবর, রবিবার জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরের বুখারে নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা করে ওই পাক জঙ্গি। সেই সময় দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গোপন সূত্রের খবর পেয়ে রবিবার ভোর রাতে ওই এলাকায় সেনাবাহিনী একটি যৌথ অভিযান চালায়। সেই সময় সেনারা ঝোপঝাড়ে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি দেখতে পায়। সেনাবাহিনী তাকে সতর্ক করলে তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গি। পাল্টা সেনাবাহিনীও গুলি চালায়। তাতে নিহত হয় ওই জঙ্গি।

সেনাবাহিনী আরও জানিয়েছে যে যৌথ অভিযানের সময় একটি একে রাইফেল, পিস্তল এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ সহ যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

প্রসঙ্গত, এই ঘটনার একদিন আগেই অমৃতসর গ্রামীণ পুলিশ দু'জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করার একদিন পর এই ঘটনা ঘটল । এছাড়া গত সপ্তাহের শুরুতে, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার একটি প্রত্যন্ত বনাঞ্চলে নিরাপত্তা বাহিনী একটি সন্ত্রাসীদের ডেরা ধ্বংস করে। সেখান থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক।সেই ঘটনার পর এবার উড়িতে নিকেশ হল এক জঙ্গি।