পুবের কলম, ওয়েবডে: নেপালে মর্মান্তিক দুর্ঘটনা! গভীর খাদে পড়ে গেল পুণ্যার্থী বোঝাই বাস। ঘটনায় কমপক্ষে সাত ভারতীয় তীর্থযাত্রী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও, আহত হয়েছেন আরও ৭ জন।

শনিবার সন্ধ্যায় নেপালের গোর্খা জেলায় মনকামনা মন্দিরে প্রার্থনা শেষে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। 

ডেপুটি পুলিশ সুপার রাজ কুমার শ্রেষ্ঠ জানান, শহীদ লখন গ্রামীণ পুরসভার কান্তার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। আহতদের চিকিৎসার জন্য চিতওয়ান জেলার ভরতপুরের চিতওয়ান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে উদ্ধার অভিযান এখনও চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাইক্রো-বাসটিতে এক ডজনেরও বেশি যাত্রী ছিল। গোর্খার প্রধান জেলা আধিকারিক তুলসী বাহাদুর শ্রেষ্ঠ বলেন, মাইক্রো বাসটি তানাহুন জেলার আনবুখাইরেনি এলাকার দিকে যাচ্ছিল। এটি মনকামনা মন্দিরের পশ্চিমে অবস্থিত। তবে মন্দির পরিদর্শন শেষে যাত্রীরা কোথায় যাচ্ছিল তা স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে যে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। 

প্রসঙ্গত, নেপালে সম্প্রতি যানবাহনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সড়ক দুর্ঘটনাও বেড়েছে।নেপাল পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, এক দশক আগে দেশটিতে ৪,৯৯৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। ২০২৪-২৫ অর্থবছরে ৭,৬৬৯টি দুর্ঘটনা এবং ১৯০ জন নিহত হয়েছে। এর মধ্যে ২৭৮টি গুরুতর দুর্ঘটনা ছিল। নেপালে বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা গেছে যে ২০০৭ সাল থেকে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার অর্থনৈতিক খরচ তিনগুণ বেড়েছে, যা এখন দেশের মোট জাতীয় উৎপাদনের ১.৫%।