ভোটের মুখে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুরোহিত ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এর আগে অন্তর্বর্তী বাজেটে রাজ্যের মহিলাদের জন্য চালু থাকা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে আর্থিক সহায়তা বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। এবার ধর্মীয় সেবার সঙ্গে যুক্ত পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতাও বাড়ানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী।
রবিবার সমাজমাধ্যমে করা এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুরোহিত ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তাঁর কথায়, এই সম্প্রদায়ের মানুষ সমাজের আধ্যাত্মিক ও সামাজিক জীবনকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাঁদের আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভাতা বৃদ্ধির ফলে এখন থেকে পুরোহিত ও মুয়াজ্জিনরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁদের পক্ষ থেকে জমা দেওয়া সমস্ত আবেদনপত্র গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।