পুবের কলম, ওয়েবডেস্ক :  বহুদিন ধরে জল্পনা কল্পনা চলছিল। এবার সেই সময় আসতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবরেই ৫জি পরিষেবার সুবিধা উপভোগ করতে পারবে গোটা দেশ। তবে এই সুখবরের মধ্যেই দেশের মানুষের জন্য আরও বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খুব শীঘ্রই ৬জি পরিষেবার কথাও জানালেন মোদি।

প্ৰধানমন্ত্ৰী ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্ট  ইন্ডিয়া হেকাথন ২০২২ গ্ৰান্ড ফাইনালে অংশগ্ৰহণ করেন। সেখানেই মোদি এই দশকের শেষের দিকে ৬-জি  পরিষেবা চালু করার কথা উল্লেখ করেছেন।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়েছিলেন,  আগামী ১২ অক্টোবর থেকে কলকাতা-সমেত দেশের অন্তত ১৩টি শহরে ৫জি পরিষেবা চালু  করার পরিকল্পনা রয়েছে। এই পরিষেবার তালিকায় রয়েছে কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দরাবাদ, জামনগর, লখনউ, মুম্বই ও পুণে। টেলিকম মন্ত্রী ইতিমধ্যেই সার্ভিস প্রোভাইডারদের প্রস্তুত থাকতে বলেছেন।

ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও,  ভোডাফোন আইডিয়া ও আদানি ডেটা নেটওয়ার্কস স্পেকট্রামের নিলামে জয়ী হয়েছিল। সংস্থাগুলির কাছে পৌঁছে গিয়েছে সরকারি চিঠিও।

এয়ারটেল জানিয়েছে, ৫জি পরিষেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত। বাকি সংস্থাগুলিকে পিছনে ফেলে তারাই সবার আগে ৫-জি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে আছে তারা। তবে তালিকায় রয়েছে আদানি ডেটা নেটওয়ার্কসও।

জনসাধারণের কাছে ৫-জি পরিষেবা দিতে প্রস্তুতি পর্ব অনেক আগে থেকেই শুরু হয়েছে। এবার সেই পরিষেবা উপভোগ করার কথা।

আগামী তিন বছরের মধ্যে দেশের সমস্ত  প্রান্তে এই পরিষেবা ছড়িয়ে যাবে বলেই আশারবাণী শুনিয়েছেন টেলিকম মন্ত্রী।

উল্লেখ্য, ৪জি থেকে অনেক দ্রুতগতির এই ৫জি পরিষেবা। ৫জি প্রায় ২০ জিবি গতিতে প্রতি সেকেন্ডে ডেটা আদান প্রদান করতে পারে। এই পরিষেবায় অনেক জটিল যোগাযোগ স্থাপন করা অনেক সহজ হবে। ভারত সরকারের মতে ৫জি আসার ফলে নতুন সময়ের ব্যবসা ও বিভিন্ন কোম্পানি, অনেক দ্রুত এগিয়ে আসতে পারবে ও নতুন কর্মসংস্থান হবে। এছাড়া মোবাইল ব্যাংকিং, অনলাইন পড়াশোনা ও টেলিমেডিসিন-এর ক্ষেত্র অনেক প্রসারিত হবে।